২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার যুবককে ধরে নিয়ে গেলো বিএসএফ

কুড়িগ্রামের একটি সীমান্তে গুলি করে বাংলাদেশি এক কিশোরীকে হত্যার পর এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের একটি সীমান্তে গুলি করে বাংলাদেশি এক কিশোরীকে হত্যার পর এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে। ভূরুঙ্গামারী সীমান্ত থেকে সোমবার ভোরে নূর জামাল (২৫) নামের এই যুবককে অপহরণ করা হয়। সীমান্তে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন বুধবার ঢাকায় দুই দেশের স্বরাষ্ট সচিব পর্যায়ে বৈঠক বসছে। কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার অনন্তপুর সীমান্তে গুলি করে কিশোরী ফেলানীকে হত্যার ঘটনায় বাংলাদেশ সোমবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত সরকারের কাছে। নিরপরাধ কিশোরী হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করে। বিডিআর ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে ভূরুঙ্গামারী সীমান্তের দক্ষিণ বাঁশজানি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে নূর জামাল ঘন কুয়াশার মধ্যে ভূল করে সীমান্ত পিলার অতিক্রম করে নো-ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েন। এ সময় ওই এলাকায় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১১৩ ব্যাটালিয়নের দিঘলটারি ফাঁড়ির জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়। বিডিআরের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ এবং নূর জামালকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত বিএসএফ কোনো সাড়া দেয়নি। এ ব্যাপারে ২৭ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়া রাতে সীমান্তের জিরো লাইনের কাছে যাতে কেউ না যায় সেজন্য জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। প্রত্যেকটি বিডিআর বিওপি'র সদস্যরা স্থানীয় ইউনিযন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সীমান্তবাসীদের সঙ্গে জনসচেতনতামূলক সভা করছেন। মঙ্গলবার কাশিপুর, সোনাহাট ও বাঘভান্ডার এবং সোমবার শিমুলবাড়ি, দিয়াডাঙ্গা ও যাত্রাপুর কোম্পানির ২৫টি বিওপি ক্যাম্প এলাকায় জনসচেতনতামূলক এই সভা করা হয়েছে। গুলি করে মানুষ হত্যা করে মানবাধিকার লংঘন করছে বিএসএফ- এ অভিযোগ বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ'র গুলিতে কিশোরী ফেলানী হত্যার ঘটনাও বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে গত ৭ জানুয়ারি ফেলানীকে (১৫) গুলি করে হত্যার করা হয়। এরপর চার ঘণ্টা ধরে তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৮ ঘ.