২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নাগরিক সংগঠনের নেতা গ্রেপ্তার

চাঁদা দাবির একটি মামলায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

রাজশাহী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবির একটি মামলায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর ষষ্ঠিতলার নিজের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে মহানগর হাকিম আদালতে জামাত খানকে হাজির করে তিনদিনের জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে হাকিম আমিরুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। সোমবার রাতে জামাত খানের বিরুদ্ধে নগরীর কাজিরগঞ্জ এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান মন্টু চাঁদা দাবির অভিযোগে বোয়ালিয়া থানায় মামলাটি করেন। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, মামলার অভিযোগে বলা হয়েছে- গত বছরের ২৯ ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে মন্টুর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং না দিলে প্রাণনাশের হুমকি দেন জামাত খান । এদিকে, জামাত খানকে আদালতে হাজির করা হলে আদালত চত্বরে পরিষদের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে। গ্রেপ্তারের পর জামাত খান দাবি করেন, রাজশাহীর সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলা ও আন্দোলন করায় ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে জামাত খান আন্দোলন করে আসছিলেন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ ও সব নাগরিকের সুচিকিৎসার দাবিতে জামাত খানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১২ ঘ.