২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহত্তর নোয়াখালীতে পুনর্নির্বাচন দাবি বিএনপির

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বৃহত্তর নোয়াখালীর সব পৌরসভায় নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বৃহত্তর নোয়াখালীর সব পৌরসভায় নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নোয়াখালীর পাশাপাশি চট্টগ্রামের সন্দ্বীপেও পুনর্নির্বাচন চেয়েছে বিএনপি। নজরুল বলেন, "নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের সব পৌরসভা ও সন্দ্বীপে নির্বাচনের নামে প্রহসন চলছে। সরকারি দলের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে যথেচ্ছ সিল মেরে ভোট ডাকাতির মহোৎসব করছে।" স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীর সাতটি, লক্ষ্মীপুরের চারটি এবং ফেনীর তিনটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। গোলযোগের কারণে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের ১৪টি এবং সেনবাগ পৌরসভার সব কেন্দ্রে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌরসভার মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৪২ পৌরসভায় এবং সিলেট বিভাগের ৪ জেলার ১৬ পৌরসভায় নির্বাচন হচ্ছে। সন্দ্বীপ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আলমগীর হোসাইন ঠাকুর এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রকিবুল ইসলাম ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল মাহমুদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। নজরুল বলেন, "জোর জবরদস্তি করে সরকারি দল পরিকল্পিতভাবে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে ভোট ডাকাতি করছে।" "ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও সন্দ্বীপে ভোট হচ্ছে না। এক দিকে কেন্দ্র দখল চলছে, কেন্দ্রের বাইরে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। জয়নাল হাজারীর মতো আরো গডফাদার সৃষ্টি হয়েছে ওই সব অঞ্চলে", বলেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের উচিৎ ছিলো- আজ সন্দ্বীপ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে হেলিকপ্টারে করে গিয়ে সরেজমিনে বিষয়টা দেখা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এমআই/১৬০০ ঘ.