২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ার দুর্গমচরে বন্দুকযুদ্ধ, নিহত ৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলে দুই দল বনদস্যুর বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 04:11 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নোয়াখালী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলে দুই দল বনদস্যুর বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছে। সোমবার রাতে চর বাশারে এ সংঘর্ষে আরো আন্তত দুইজন আহত হয়। নোয়াখালীর পুলিশ সুপার হারুনূর রশীদ হাজারী জানান, নিহত ছয় জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গিয়াস উদ্দিন (৪০), তার ছেলে রায়হান (১২), লিটন (২৮) ও মহিউদ্দিন (৩০)। আহত দুইজনের নাম টিপু (২৮) ও সেলিম (৩০)। স্থানীয়দের বরাত দিয়ে জনতা বাজার ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবির জানান, সোমবার রাত আড়াইটার দিকে বনদস্যু নাছির কমাণ্ডার বাহিনীর ২০/২৫ জন সশস্ত্র চর বাশারে হামলা চালায়। এ সময় তারা মুন্সিয়া চোরা ও মিয়া সিকদার বাহিনীর ইউনিট কমান্ডার গিয়াস উদ্দিনের বাড়িতে ঢুকে গুলি চালায় ও কুপিয়ে জখম করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নাসির বাহিনীর সদস্যারা প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম বলেন, "পৌরসভা নির্বাচনের কারণে যথেষ্ট পুলিশ এখানে নেই। তারপরও ওই চর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" হাতিয়ায় গত এক দশক ধরে বনদস্যুদের উৎপাত চলছে। চরের জমি দখল এবং আধিপত্য নিয়ে এর আগেও বেশ কয়েকবার সংঘাত হয়েছে ওই এলাকায়। কয়েক বছর আগে বনদস্যু দমনে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমইউএস/এএল/জেকে/১৭২৫ ঘ.