২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় রেলওয়ে ও বিআরটিসি'র বিশেষ সেবা

বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন ও বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করার ব্যবস্থা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন ও বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করার ব্যবস্থা নিয়েছে। সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। রেলওয়ের বিশেষ কার্যক্রম আখেরি মোনাজাতের আগের দুই দিন ২১ ও ২২ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গী প্রতিদিন একটি করে, আখাউড়া থেকে টঙ্গী প্রতিদিন একটি করে এবং ২২ জানুয়ারি লাকসাম থেকে টঙ্গী একটি বিশেষ ট্রেন চলবে। ২৩ জানুয়ারি আখেরী মোনাজাতের দিন ঢাকা থেকে টঙ্গী এবং টঙ্গী থেকে ঢাকা সাতটি বিশেষ ট্রেন, টঙ্গী থেকে লাকসাম একটি বিশেষ ট্রেন, টঙ্গী থেকে আখাউড়া দুটি বিশেষ ট্রেন, টঙ্গী থেকে ময়মনসিংহ চারটি বিশেষ ট্রেন এবং ঈশ্বরদী থেকে টঙ্গী, টঙ্গী থেকে ঈশ্বরদী একটি বিশেষ ট্রেন চলবে। সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। ২৩ জানুয়ারি আখেরী মোনাজাতের দিন সূবর্ণ এক্সপ্রেস এবং তিস্তা এক্সপ্রেস চলাচল করবে না। এর পরিবর্তে সূবর্ণ এক্সপ্রেস ২১ জানুয়ারি এবং তিস্তা এক্সপ্রেস ২৪ জানুয়ারি চলাচল করবে। এ ছাড়া বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে ও যাত্রী সংখ্যা কম হওয়ার সম্ভাবনা থাকায় ২৩ জানুয়ারি আখেরী মোনাজাতের দিন ঢাকা-জয়দেবপুর ও নারায়ণগঞ্জ-জয়দেবপুরের মধ্যে তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪, ৫ ও ৬ চলাচল করবে না। বিআরটিসি'র বিশেষ সার্ভিস ২১-২৩ জানুয়ারি এবং ২৮-৩০ জানুয়ারি বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ঢাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা বা টার্মিনাল থেকে ইজতেমাস্থলে মুসল্লী বা যাত্রীদের সড়ক পথে যাতায়াতের সুবিধায় বিআরটিসি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিআরটিসি দ্বিতল ও একতলা বাস দিয়ে 'বিশ্ব ইজতেমা স্পেশাল' চালু করবে। বিআরটিসি'র বাসগুলো ২০ জানুয়ারি থকে ১ ফেব্র"য়ারি পর্যন্ত ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে। বিআরটিসি'র ইজতেমা সার্ভিসের ৫০টি বাস আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, ভৈরব, ময়মনসিংহ, সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর ও জয়দেবপুর ইত্যাদি স্থান থেকে ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে। বিআরটিসি ইজতেমা সার্ভিস চলবে গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে ইজতেমাস্থল, কমলাপুর ও মতিঝিল থেকে ইজতেমাস্থল এবং ফার্মগেট থেকে ইজতেমাস্থল পর্যন্ত। ইজতেমায় অংশগ্রহাণকারীদের চাহিদা অনুযায়ী ২১ ও ২২ জানুয়ারি এবং ২৮ ও ২৯ জানুয়ারি দোতলা বাস কাকরাইল মসজিদ সংলগ্ন পয়েন্ট থেকে বিশ্ব ইজতেমাস্থল পর্যন্ত চলবে। চাহিদার প্রেক্ষিতে বিমানবন্দর থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নিতে জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি মিনিবাস 'বিদেশিদের জন্য সংরক্ষিত' স্টিকারে চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩৫০ ঘ.