২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে পুনঃনির্বাচন দাবি বিএনপির

মাদারীপুরের শিবচর পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ এনে সেখানে পুনঃনির্বাচন দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ এনে সেখানে পুনঃনির্বাচন দাবি করেছে বিএনপি। সোমবার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান। এর আগে কেন্দ্র দখলের কথিত অভিযোগে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে শিবচর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন শফিক। তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগ সমর্থিত আবদুল লতিফ মোল্লার (আনারস) পক্ষের লোকজন পৌরসভার ১, ৪, ৬, ৫ ও ৮ নম্বর কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।" অবশ্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা ওই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, শিবচরের নির্বাচনে ক্ষমতাসীন দলের লোকজন পাঁচটি কেন্দ্র দখল করে ব্যাপক 'কারচুপি' করেছে। প্রশাসন সেখানে নির্বিকার ছিলো। স্থানীয় বিএনপি দুপুরে ওই নির্বাচন বর্জন করেছে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন যে, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে কয়েকটি কেন্দ্র দখল করে ভোট 'কারচুপি' করেছে সরকারি দলের সমর্থকরা। সরিষাবাড়ি ও রাজবাড়ির পাংশায়ও কয়েকটি কেন্দ্রে একইভাবে 'কারচুপি' হয়েছে। প্রশাসনকে অবহিত করার পরও এ ব্যাপারে কোনো প্রতিকার পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "ঢাকা বিভাগের পৌর নির্বাচনে কিছু কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও অধিকাংশ স্থানে অনিয়ম হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কিংবা কেন্দ্র দখল ও ভুল ভোটার তালিকা সরবারহ করে কারচুপি করা হয়েছে। বিভিন্ন স্থানে প্রশাসনকে প্রভাবিত করে ভোট কারচুপি করা হয়।" ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। প্রেস বিফিংয়ে কুমিল্লার চান্দিনায় ভোটাররা আতঙ্কে আছে দাবি সেখানে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এছাড়া চাঁদপুরের চেঙ্গারচর, চট্টগ্রামের সাতকানিয়া, নোয়াখালীর মাইজদী, ফেনীর পরশুরাম, সিলেট বিভাগের হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বড়লেখা ও দিরাইকে 'ঝুঁকিপূর্ণ' বিবেচনা করে সেসব পৌরসভায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়ীয়া পৌর নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, "সরকার আদালতের কাঁদে ভর করে ওই নির্বাচন পিছিয়েছে। সরকারি দলের প্রার্থীর বিপুল ভোটে পরাজয়ের আশংকায় ও ওই এলাকায় ২৭ জানুয়ারির উপনির্বাচনে এর নেতিবাচক প্রভাব ঠেকাতে পৌর নির্বাচন পেছানো হয়েছে। অথচ একইদিন হবিগঞ্জের উপনির্বাচন থাকার পরও নবীগঞ্জ পৌরসভায় মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তা পেছানো হয়নি।'' প্রেস বিফিংয়ে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য শফি বিক্রমপুরী, হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/