২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো সম্মান ফেরত চাইলেন রবিউল

কর্নেল তাহেরের বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক আদালতে দণ্ডিত হওয়ায় হারানো সম্মান ফেরত চাইলেন জাসদের সহ-সভাপতি মো. রবিউল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক আদালতে দণ্ডিত হওয়ায় হারানো সম্মান ফেরত চাইলেন জাসদের সহ-সভাপতি মো. রবিউল আলম। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে তিনি এ দাবি জানান। সামরিক আদালতে তাহেরের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে আদালতের দেওয়া সুযোগ গ্রহণ করে তিনি বলেন, "সাজানো ওই মামলায় আমাদেরকে দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ অভিযোগে দেওয়া হয়েছে কারাদণ্ডও। এতে আমার সম্মানহানি হয়েছে। এ কারণে ব্যক্তিগত ও সামাজিক জীবনে আমি অনর্থক বিড়ম্বনার মুখে পড়েছি। "মাননীয় আদালত আমার সেই হারানো সম্মান ফিরিয়ে দিন। ওই বিচারের প্রতিবিধান করে দিন। কারণ সেই বিচার ছিল অবৈধ।" সামরিক আদালতের ওই রায়ে রবিউল আলমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রবিউল সোমবার আদালতে অভিযোগ করেন, জাসদকে ধ্বংস করার জন্যই জিয়াউর রহমানের আমলে ওই বিচার সাজানো হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং সামরিক আদালতে গোপন বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সাজা দেওয়া হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই ওই রায়ের পর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্টই হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাদের আবেদনে সামরিক আদালতের সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একইসঙ্গে তাহেরের গোপন বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। সরকার পক্ষ চারদফা সময় নেওয়ার পর গত ১০ জানুয়ারি রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়। ১২ জানুয়ারি হাইকোর্ট ওই সামরিক আদালতের চার সদস্য এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত সামরিক কর্মকর্তাদের অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দেয়। এছাড়া ১৯৭৬ সালের ৪ জুন রাজধানীর মোহাম্মদপুর থানায় তাহেরের বিরুদ্ধে দায়ের করা মামলার নথিও তলব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯১৫ ঘ.