২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকাকে ১৯ এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯ এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:22 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯ এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ওই দিন আদালতে হাজির করা এবং যথাসম্ভব দ্রুত এ মামলার তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব আদেশ দেয়। এছাড়া সাকা'র আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিশেষ হাসপাতালে চিকিৎসার আবেদন নিস্পত্তি করে কারা কর্তৃপক্ষকে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বলেছে। তবে তার বিরুদ্ধে ইতোপূর্বে জারি করা আটক রাখা এবং হাজির করার পরোয়ানা বাতিলের আবেদন ট্রাইব্যুনাল খারিজ করেছে। খারিজ হয়েছে সংসদের পরবর্তী সেশনে যোগ দিতে অনুমতি ও এ মামলার নকল কপি পাওয়ার সাকার দুটি আবেদনও। সকাল ১০টায় পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক রাখতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে আদালতে হাজির করা হয় বিএনপির এ নেতাকে। মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় আটক সালাউদ্দিন কাদেরকে গত ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় সংসদ সদস্য সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে এ সংসদ সদস্যের বিরুদ্ধে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও বিচারক প্যানেল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। 'সালাউদ্দিনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে' যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে এদিনই দ্বিতীয় বারের মতো পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাকাকে আটক রাখতে প্রসিকিউশন টিমের আবেদনের শুনানিতে প্রসিকিউশন টিমের আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার-আলবদর-আল শামসসহ বিভিন্ন বাহিনী সংগঠনে ভূমিকা রেখেছেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। "তিনি ১৯৭১ সালে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ করেছেন, করিয়েছেন এবং করতে উদ্বুদ্ধ করেছেন।" "গত সেপ্টেম্বরে চট্টগ্রামে তদন্ত চলাকালে তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। কথা বলেছেন এই ট্রাইব্যুনালের বিরুদ্ধেও।" জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ছাত্রজীবনে আমি কখনো রাজনীতি করিনি। ১৯৭৮ অনানুষ্ঠানিকভাবে এবং ১৯৭৯ সালের জানুয়ারিতে বাংলাদেশ মুসলিম লীগে যোগদানের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু হয়। "৯ মাসের কত সময় আমি দেশে ছিলাম সেটাও আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন। আমার বাসার পাশে অবস্থিত হিন্দুদের বিশ্বাস পাড়ায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের গুডহিলের বাড়িতেও অনেক হিন্দুকে আশ্রয় দেওয়া হয়।" "ফজলুল কাদের চৌধুরীর ছেলে বলেই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ফজলুল কাদেরের ছেলে হিসাবে আমি গর্ব করি", বলেন তিনি। আইনজীবী নিয়োগের একটি আবেদনে এই বিএনপি নেতা নিজেই আদালতে মামলা পরিচালনার আবেদন করেন। একই সাথে তাকে সহযোগিতা করার জন্য ২০জন আইনজীবীর নাম জমা দেন। জবাবে আদালত জানায়, নিজে মামলা পরিচালনা করলে সহযোগিতার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া যাবে না। তখন সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই মামলা পরিচালনার ইচ্ছা ব্যক্ত করে কারাগারে আইনজীবীদের সঙ্গে দেখা করতে আদালতের নির্দেশনা চান। তখন আদালত জানায়, এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। জবাবে সাকা জানান, কারা কর্তৃপক্ষ আইনজীবীদের সাথে সাক্ষাৎ করতে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। ওকালতনামা দাখিলের পর এ বিষয়ে আর সমস্যা থাকবে না বলে আদালত জানায়। এছাড়াও আদালত বলেন, এবার আপনি এসেছেন বলে পিটিশন দাখিল করতে পেরেছেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সব পিটিশন দাখিল করতে হবে। সংসদ ও বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগদানের বিষয়ে অনুমতি চেয়ে সালাউদ্দিন কাদেরের করা আবেদন খারিজ করে দিয়ে আদালত জানায়, এ বিষয়ে চাইলে আপনি হাইকোর্টে রিট করতে পারেন। সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। 'এটা কি কামেরা ট্রায়াল' আদালতে ঢুকেই সাকা চৌধুরী বলেন, "এটা কি ক্যামেরা ট্রায়াল নাকি? বাকিরা কোথায়? আমি পাবলিক ট্রায়াল চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচার যদি পাবলিক ট্রায়ালে হয়, এটা কেন হবে না?" পরে কাঠগড়ায় দাঁড়িয়ে আবারো পাবলিক ট্রায়াল দাবি করে তিনি বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ মামলা। এটা সরাসরি জাতীয় টিভিতে স