চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় সম্পূরক অভিযোগপত্রের শুনানি হয়েছে।
রোববার বিচার বিভাগীয় হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্রের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক মহিউদ্দিন মুরাদ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালী উপজেলার সাধপুরের শীল পাড়ায় তেজেন্দ্র শীলের দু'তলা মাটির ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতকারীরা। এতে চারদিনের এক শিশুসহ ওই পরিবারের ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য বিমল চন্দ্র শীল বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ১০ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্র" আদালতে এ মামলার সম্পূরক অভিযোগপত্র দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) বিকাশ রঞ্জন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনানিতে আসামিদের জামিন বাতিলেরও আবেদন করা হয়েছে।"
তিনি জানান, আদালত সম্পূরক অভিযোগপত্রটি পর্যালোচনা করবে। এতে মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে বাঁশখালী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ওরফে আমিন চেয়ারম্যানসহ নতুন আরো আটজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) ক্লারেন্স গোমেজ ২০০৫ সালের ১৪ ডিসেম্বর ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত শেষ করেন।
ওই অভিযোগপত্রে কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের নাম বাদ দেওয়ায় মামলার বাদী বিমল শীল পরবর্তীতে অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত ২০০৭ সালের ২০ মার্চ মামলাটিতে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
পরে বেশ কয়েকবার আমিনুর রহমানকে বাদ দিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবারই বিমল এর বিরোধিতা করে আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/কেএমএস/২১২৬ ঘ.
bdnews24