ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সংবাদ সারাক্ষণ' স্লোগান নিয়ে নতুন অনলাইন সংবাদপত্র 'বার্তা ২৪ ডটনেট' এর যাত্রা শুরু হলো।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়, খেলাধুলা, বিনোদনসহ সারা দেশের সব খবর সবার আগে বস্তুনিষ্ঠভাবে পরিবেশনই 'বার্তা ২৪ ডটনেট' এর লক্ষ্য।
অধ্যাপক আরেফিন সিদ্দিক এ সংবাদপত্রটিতে সুসম্পাদনা নিশ্চিতের আহবান জানিয়ে বলেন, ভালো সম্পাদনা একটি সংবাদের প্রাণ।
বার্তা ২৪ ডটনেট সম্পাদক সরদার ফরিদ আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে বার্তা ২৪ডটনেট এর একমাত্র অঙ্গীকার। সংবাদের চূড়ান্ত সত্যতা যাচাইয়ের পরই সংবাদটি পরিবেশন করা হবে। কোনো অসম্পূর্ণ সংবাদ পরিবেশন না করার অঙ্গীকার করেন তিনি।
স্টার মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান গোলাম সারোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইংরেজী দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ইকোনমিক টাইমস সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকাত মাহমুদ, আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আলতাফ মাহমুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮২৮ ঘ.
bdnews24