২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চেয়ে পার পেলেন সচিব ইকবাল

ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ। ক্ষমার আবেদন গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রোববার সচিবকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। ইকবাল তার আইনজীবী বজলুল কবিরের মাধ্যমে লিখিত ক্ষমা প্রার্থনা করেন। আদালতের নির্দেশ থাকার পরও মুক্তিযোদ্ধা কোটায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার স্বাস্থ্য সহকারী পদে মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে চাকরি না দেওয়ার সংস্থাপন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনা হয়েছিলো। রিয়াজের আইনজীবী মহিউদ্দিন শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিয়াজকে চাকরি দেওয়া হয়েছে, এটা জানিয়ে গত বুধবার ইকবাল মাহমুদ আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে আর কখনো এর পুনরাবৃত্তি হবে না, এই শর্তে তাকে ক্ষমা করেছেন আদালত।" গত ৬ জানুয়ারি ওই ঘটনায় ইকবাল মাহমুদকে আদালতে তলব করে আদেশ দিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪০ ঘ.