চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এক বাংলাদেশি তরুণকে মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় উপজেলার শিংনগর গ্রামের শাহজাহান আলীকে (২৫) আটক করে বিএসএফ। নির্যাতনের পর তারা শাহজাহানকে সীমান্তের কাছে ফেলে যায় বলে স্থানীয়রা জানায়।
বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে লোহার রড ও বড় লাঠি দিয়ে পিটিয়েছে বিএসএফ সদস্যরা।
তার শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখিয়ে শাহজাহানের চাচাতো ভাই মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএসএফ তার দুই পা ও বাম হাত ভেঙে দিয়েছে।"
বিডিআর ৩৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহজাহানকে মারধর করা হয়েছে। এতে তার দুই পা ও বাম হাত ভেঙে গেছে।"
তিনি জানান, বেড়ানোর জন্য কয়েকজন বন্ধুুর সঙ্গে শাহজাহান ভারত যাওয়ার চেষ্টা করে। এ সময় ১৫১ বিএসএফ মালদা ব্যাটালিয়নের শুভপুর ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়। নির্যাতনের পর শিংনগর সীমান্তের কাছে ফেলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24