নাটোর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার একটি মামলা করেছে পুলিশ।
লালপুর থানার উপ-পরিদর্শক জামাত আলী বিস্ফোরক দ্রব্য আইনে আহত মজনুসহ অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চকনাজিপুর মহল্লায় বিস্ফোরক জাতীয় কিছু বানানোর সময় এই বিস্ফোরণ হয় বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় আহত মজনুকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল সোয়া পাঁচটায় চকনাজিপুর মহল্লার মজনু রহমানের বাড়ির পাশের মুরগির খামারে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে মজনু রহমান গুরুতর জখম হন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24