ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজন শেষে ভাঙলো কেন্দ্রীয় কচি-কাঁচার আনন্দমেলা।
শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ের মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ মেলা-২০১১ শেষ হয়।
সংগঠনের ৩২টি শাখার প্রায় দুইশ সদস্য এতে অংশ নেয়। তিন দিনব্যাপী এ মেলা শুরু হয় বৃহস্পতিবার।
মেলায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের শরীরচর্চা, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতার উপর প্রশিক্ষণ দেওয়া হয় বলে আয়োজক কমিটির প্রধান শিরিন বানু মিতিল জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, "সুখী, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই স্বপ্ন আজও পুরণ হয়নি। দেশকে সোনার বাংলা গড়তে হলে স্ব-স্ব ক্ষেত্রে দেশপ্রেমিক লোকের খুবই প্রয়োজন।"
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারলেই জাতি মাথা উচু করে দাঁড়াবে- এ অভিমত ব্যক্ত করেন তিনি।
সংগঠনের পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, "মা, মাতৃভূমি এবং মাতৃভাষাকে ভালবাসতে শেখার জন্য কচি-কঁচার মেলার জন্ম হয়েছে। সেই চেতনা বাস্তবায়নে এই সংগঠন আজও কাজ করে যাচ্ছে।"
"প্রতিটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সামাজিক, নৈতিক ও দেশপ্রেমের শিক্ষা দেওয়া প্রয়োজন", বলেন খোন্দকার খালেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরওয়ের হাইকমিশনার র্যাংগে বিরতে লুন্ড, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান, আনন্দ মেলা অধ্যক্ষ শিরিন বানু মিতিল।
১৯৫৬ সালের ৫ অক্টোবর কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০৩৭ ঘ.
bdnews24