ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচারক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করতে সরকার ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি সংশোধন করার পরিকল্পনা নিয়েছে।
বিচার প্রার্থীদের হয়রানি ও দুর্ভোগ দূর করতে কার্যবিধি সংশোধন করে স্বল্প সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হবে। এজন্য কার্যবিধিতে বিচার প্রক্রিয়ার প্রতিটি স্তরের জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিষয়টি বাধ্যতামূলক করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
আইন মন্ত্রী শনিবার 'আইন পেশাজীবীদের নৈতিকতা' শীর্ষক সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এ সেমিনারের আয়োজন করে। সেইলস চেয়ারম্যান ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেন, "বিচারের দীর্ঘসূত্রিতার কারণে বিচারপ্রার্থীরা সুষ্ঠু বিচার পাচ্ছে না। অনেকক্ষেত্রে বিলম্বিত বিচারের কারণে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিচারক ও আইনজীবীরা যথাযথ ভূমিকা পালন না করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।"
আইন পেশাজীবীদের নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিচার প্রক্রিয়ার এ অব্যবস্থা দূর করতে সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের আইন পেশায় আসতে হবে।
"আইনজীবীদের সনদ দেওয়ার ক্ষেত্রেও বার কাউন্সিলকে এ বিষয়টির দিকে দৃষ্টি দিতে হবে।"
আইন বিষয়ে পড়াশোনা হচ্ছে এমন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে নৈতিকতার বিষয়টিকে অন্তর্ভূক্ত করারও পরামর্শ দেন আইনমন্ত্রী।
পেনশন না থাকায় আইনজীবীদের আর্থিক অনিশ্চয়তার বিষয়ে তিনি বলেন, "আইনজীবীদের জন্য বার কাউন্সিল এবং বার এসোসিয়েশনের ঐচ্ছিক তহবিল (বেনিভোলেন্ট ফান্ড) রয়েছে। এখান থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ফলে তাদের এ অনিশ্চয়তা আর থাকে না।
সভাপতির বক্তব্যে বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন আইনজীবীদের তালিকাভূক্তি ও সনদ দেওয়ার ক্ষেত্রে বার কাউন্সিলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "এক্ষেত্রে স্বজনপ্রীতি, তদবির বা দলবাজি বন্ধ করতে হবে। যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে সনদ দিতে হবে।"
আইনজীবীদের নৈতিকতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং দক্ষিণ এশিয়ায় আইন বিষয়ক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের তাগিদ দেন তিনি।
সেমিনারে আরো বক্তব্য রাখেন বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুল বাসেত মজুমদার, সাবেক মন্ত্রী রাবেয়া ভূঁইয়া, আইনজীবী ড. নাঈম আহমেদ ও ড. ফস্টিনা পেরেরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৯৩২ ঘ.
bdnews24