মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দুই পাড়ে যানজট সৃষ্টি হয়েছে।
দক্ষিণাঞ্চলের এ রুটে ফেরি চলাচল বন্ধ হয় শুক্রবার রাত পৌনে ১১টায়। কুয়াশা কাটার পর শনিবার দুপুর ১২টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসি'র সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, কুয়াশার কারণে এই মৌসুমে সবচেয়ে খারাপ অবস্থা কাটলো শুক্র ও শনিবার। কুয়াশায় পথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই সময় ধরে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকে ছিলো।
দীর্ঘ সময় পারপার বন্ধ থাকায় ঘাট দুটিতে কয়েকশ গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা ১২টার পর
ফেরি চলাচল শুরু হলেও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় যানজট কমেনি।
শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা থাকায় গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই দক্ষিণাঞ্চলের এই রুট ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে।
এছাড়াও পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতেও কয়াশার কারণে নৌচলাচল ব্যাহত হচ্ছে বলে চন্দ্র শেখর রায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩২০ ঘ.
bdnews24