চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অকৃত্রিম মাটির কাছে' স্লোগানে চট্টগ্রামে শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব।
বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগরীর কয়েকটি সড়ক ঘুরে এটি ডিসি হিলে এসে শেষ হয়।
সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু'র সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন মারুফ, যুগ্ম আহবায়ক গোলাম ফারুক ডলার, সংগঠনের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, সুমন চৌধুরী মনি ও কল্লোল দাশ।
উৎসব ঘোষণা পাঠ করেন সংগঠনের পরিচালক মিন্টু চৌধুরী।
এদিন চট্টগ্রামের আঞ্চলিক গানে অবদানের স্বীকৃতিস্বরূপ গীতিকার-সুরকার আব্দুল গফুর হালী, গীতিকার-সুরকার সৈয়দ মহিউদ্দিন ও কথা সাহিত্যিক হরিশংকর জলদাস ও ড. রশিদ আল ফারুকীকে সম্মাননা জানানো হয়।
পরে তাদের হাতে ক্রেস্ট ও ১০ হাজার টাকার প্রাইজবণ্ড তুলে দেন আফসারুল আমীন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে 'রক্তককরবী' এবং পাহাড়ি আদিবাসী নৃত্য পরিবেশন করে খাগড়াছড়ির ত্রিপুরা গাইরিং কালচারাল ফোরাম। শচীন দেব বর্মনের গান পরিবেশন করেন সঞ্জয় রায়, চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করে কক্সবাজারের এস্তফা খানম, সাঁওতাল নৃত্য পরিবেশন করে পাঁচবিবি জয়পুরহাটের উচাই আদিবাসী সাংস্কৃতিক দল এবং বাউল গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু।
দুইদিনের এ উৎসবের মিডিয়া পার্টনার দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দেশটিভি ও রেডিও টু'ডে।
এর আগে সকালে আয়োজন করা হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। পাঁচ শতাধিক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়।
শনিবার বেলা তিনটায় ডিসি হিলে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/এইচএ/২১৫০ ঘ.
bdnews24