খুলনা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে আহত হয়েছেন আওয়ামী লীগের দৌলতপুর থানা শাখার সভাপতি শেখ সৈয়দ আলী।
শুক্রবার ভোররাতে দৌলতপুর হার্টিকালচার সেন্টারের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে বলে পুলিশ জানিয়েছে। সৈয়দ আলী (৫০) পাটের ব্যবসা করেন।
দৌলতপুর থানার ওসি আনোয়ারুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৈয়দ আলী নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত আড়াইটার দিকে একটি রিকশায় করে কুলিবাগানে তার বাড়িতে ফিরছিলেন। হার্টিকালচার সেন্টারের সামনে চার জন সন্ত্রাসী তাকে আটকায়।
ওই সময় সৈয়দ আলী আত্মরক্ষার জন্য দৌড় দিলে সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে বলে ওসি জানান। সৈয়দ আলীর পিঠের বিভিন্ন স্থানে, ঘাড়ে এবং বাম উরুতে জখম হয়েছে।
আহত অবস্থায় সৈয়দ আলী দৌলতপুরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে নগরীর সোনাডাঙ্গার সার্জিক্যাল ক্লিনিকে তাকে ভর্তি করে।
ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ছিনতাইয়ের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতার ওপর হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.
bdnews24