২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আ.লীগের একচ্ছত্র প্রাধান্য, খুলনায় এগিয়ে বিএনপি

বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভায় নির্বাচিত মেয়রদের মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিতদের চেয়ে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 07:32 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভায় নির্বাচিত মেয়রদের মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিতদের চেয়ে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা। এই দুই বিভাগের নির্বাচনে ২২ পৌরসভায় মেয়র পদে সরকার সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বরিশাল বিভাগের ছয় জেলার ১৯ পৌরসভায় রয়েছে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। বিরোধীদল সমর্থিত প্রার্থী মাত্র একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। আর ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ পৌরসভায়। খুলনা বিভাগে অবশ্য এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। ৩০ পৌরসভার মধ্যে ১৩ পৌরসভায় বিএনপি সমর্থিত আর আট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এ দুই বিভাগে ক্ষমতাসীন ও বিরোধীদলের শরীক যথাক্রমে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াত সমর্থিত কোনো প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেননি। তবে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ 'বিদ্রোহী' সাতজন ও বিএনপির 'বিদ্রোহী' পাঁচজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে সামান্য এগিয়ে ছিলো বিএনপি সমর্থিত প্রার্থীরা। ওই দুই বিভাগে বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন। চার বিভাগে এগিয়ে বিএনপি চার বিভাগের নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় এগিয়ে রয়েছে বিএনপি। ১২১টি মেয়র পদের মধ্যে বিএনপি সমর্থিত ৪৬ মেয়র আর আওয়ামী লীগ সমর্থিত মেয়র ৪০। এছাড়া দুই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মেয়র হয়েছেন ১৯ জন। এরমধ্যে আওয়ামী লীগের ১২, বিএনপির সাতজন। স্বতন্ত্র প্রার্থী নয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন। বরিশাল বিভাগ বরিশাল বিভাগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সুস্পষ্ট ব্যাবধানে এগিয়ে আছেন। এই বিভাগের ১৯টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১৪ পৌরসভায় জিতেছেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছেন একটি পৌরসভায়। এ বিভাগে আওয়ামী লীগের তিন 'বিদ্রোহী' প্রার্থী ও স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগ খুলনা বিভাগে সামান্য এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। এ বিভাগের ৩০টি পৌরসভার মধ্যে বিএনপি সমর্থিত ১৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতেছেন ৮টি পৌরসভায়। এছাড়া স্বতন্ত্র দুজন নির্বাচিত হয়েছেন। 'বিদ্রোহীদের' মধ্যে আওয়ামী লীগের চারজন, বিএনপি'র তিনজন মেয়র নির্বাচিত হয়েছেন। অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট বাতিল হলেও বরিশাল ও খুলনা বিভাগের পৌরসভায় নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিলো জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপি বলেছে, নির্বাচন 'মোটামুটি' শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমরা হ্যাপি (সন্তুষ্ট)।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএইচসি/ডিডি/এমএসবি/০১২৮ ঘ.