২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধ, পুলিশের পিস্তল ছিনতাই

সোনারগাঁও উপজেলার চর সফিখাঁ সোনাখালিতে রপ্তানিমুখী একটি শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির সময় ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁও উপজেলার চর সফিখাঁ সোনাখালিতে রপ্তানিমুখী একটি শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির সময় ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। ডাকাতদের হামলায় ছয় পুলিশ সদস্যসহ ২৪ জন আহত হয়েছে। ডাকাতরা সোনারগাঁ থানার এক উপ পরিদর্শককে (এসআই) কুপিয়ে পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে। গুলিবিদ্ধ এক ডাকাতসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, ৩০/৪০ জনের ডাকাতদল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে সোনাখালিতে রেজা ফেব্রিক্স নামের একটি পোশাক প্রতিষ্ঠানে হানা দেয়। তারা ৬ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করে। প্রতিষ্ঠানের ভেতরে ১২ জন শ্রমিক-কর্মচারি কাজ করছিল। ডাকাতরা তাদের উপর হামলা চালিয়ে ৬টি মোবাইল ফোন সেট ও ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় নিরাপত্তা কর্মী মতিউর, তারেক, আব্দুল কুদ্দুস, শহীদ, শ্রমিক মিজানুর রহমান, নূর মোহাম্মদ ও জাকির আহত হয়। সোনারগাঁও থানার ওসি ইউনূস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতি চলাকালে তার নেতৃত্বে টহল পুলিশের একটি দল ওই পথ দিয়ে যাচ্ছিল। কারখানার সামনে ট্রাকে দুজনকে বসা দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ ওই দুজনকে আটক করে নিশ্চিত হয় ভেতরে ডাকাতি হচ্ছে। পুলিশ সদস্যরা দেওয়াল টপকে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দু'পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ডাকাতদের হামলায় এস আই আব্দুল হক ছাড়াও ওসি ইউনুস আলী, কনস্টেবল আনোয়ার, মিন্টু, শাহআলম ও আলিম আহত হয়। কবির হোসেন (২৮) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তার বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম শাশানিয়া গ্রামে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ কবির ছাড়াও আরো ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার সালাউদ্দিন (১৬), শহিদুল (২৯), নারায়ণগঞ্জের বন্দর এলাকার জাবেদ (২৫) ও দেলোয়ার (৪৮)। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এসে পড়ায় ডাকাতরা মোবাইল ফোন ও নগদ টাকা ছাড়া ওই প্রতিষ্ঠান থেকে কোন মালামাল নিতে পারেনি। ওসি জানান, এস আই আব্দুল হকের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছিনতাই হওয়া পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতদের জিজ্ঞাসাবাদ করে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এস আই আজমীর উজ্জামান বাদি হয়ে সোনারগাঁও থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন। আড়াইহাজারে শিল্পপতির বাড়িতে ডাকাতি বৃহস্পতিবার ভোররাতে আড়াইহাজারে শিল্পপতি দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা এক শিশুকে জিম্মি করে নগদ ৯ লাখ ২০ হাজার টাকা এবং ৭৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার বিষনন্দি গ্রামে একই বাড়ির দুই ফ্ল্যাটে থাকেন বস্ত্র কলের মালিক দুই ভাই আব্দুল কাদের ও আব্দুল রহিম। বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে ৩০/৪০ জনের একটি ডাকাতদল কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢোকে। তারা আব্দুল কাদেরের ৫ বছরের মেয়ে অর্পিতার গলায় দা ধরে কাদেরের ঘর থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দামি মালামাল এবং রহিমের ঘর থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৪ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আব্দুল কাদের (৪০), আব্দুল রহিম (৩৮) ও তার স্ত্রী আসমা (৩২), পাশের বাড়ির আলী হোসেনের স্ত্রী ফাতেমা (৩০) গুরুতর আহত হয়। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/০০৩৯ ঘ.