ফেনী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অশোভন আচরণের অভিযোগে ফেনীর দুই বিচারককে প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন করেছেন স্থানীয় আইনজীবীরা।
একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে বিচার বিভাগীয় হাকিম আদালত আসামির জামিন নামঞ্জুর করায় শতাধিক আইনজীবী আদালত ছেড়ে বাইরে এসে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা ওই আদালতের বিচারক মইনুদ্দিন ও অপর বিচারক ইয়াসির আরাফাতকে তিন দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারী আইনজীবী জুলফিকার বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দুইজনসহ কয়েকজন হাকিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে।"
তিনি জানান, অন্যান্য আদালতে বিচারক না থাকায় সকাল থেকে বিচার বিভাগীয় হাকিম মইনুদ্দিন একাই কয়েকটি আদালতের দায়িত্ব পালন করছিলেন।
বিচার প্রার্থীদের চাপের কারণে আইনজীবীরা কয়েকটি মামলায় পরবর্তী তারিখ দেওয়ার অনুরোধ জানালেও তিনি ওই সব মামলায় শুনানি গ্রহণের সিদ্ধান্ত নেন।
জুলফিকার বকুল জানান, বেলা ১২টার দিকে তিনি ও অ্যাডভোকেট ইউসুফ আলমগীর নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলার শুনানিতে আসামিদের জামিন আবেদন করেন।
কিন্তু মামলার বাদী ও বিবাদী পরস্পর আপোষ করার সিদ্ধান্ত নিয়েছে জানানোর পরও বিচারক মইনুদ্দিন তাদের জামিন নামঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আহসান কবির বেঙ্গল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার পরই আইনজীবীরা আদালত বর্জন করে বাইরে এসে বিক্ষোভ শুরু করেন।"
তিনি জানান, পরে আইনজীবী ভবনে সমিতির সভাপতি মো. ইব্রাহিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা।
তিনি জানান, আইনজীবীরা বিচারক মইনুদ্দিন ও ইয়াসির আরাফাতকে প্রত্যাহারের দাবিতে তিন দিন সময় বেঁধে দিয়েছেন। দাবি মানা না হলে তারা লাগাতারভাবে আদালত বর্জন করবেন বলেন হুমকি দিয়েছেন।
পরে আইনজীবীরা প্রধান বিচার বিভাগীয় হাকিম সাইদ আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয় অভিযোগ করেন বলে জানান তিনি।
অপরদিকে মইনুদ্দিনের বরাত দিয়ে আদালতের উচ্চমান সহকারী খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটিতে ৩০৭, ৩২৩, ৪৪২, ৩৮৫ ধারা থাকায় এবং মইনুদ্দিন ওই আদালতে অন্য হাকিমের পরিবর্তে দায়িত্ব পালন করায় জামিন দেওয়া হয়নি।"
তিনি জানান, ৩০৭ ধারায় বলা আছে বাদী-বিবাদীকে আপোষ করতে হলে থানার মাধ্যমে করতে হবে।
এছাড়া আগামী ১৯ জানুয়ারি এ মামলায় পরবর্তী শুনানির তারিখ ধার্য্য থাকায় তিনি ওই তারিখে জামিনের আবেদন করার জন্য বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/২৩৩৮ ঘ.
bdnews24