২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত আসামিকে উদ্ধার করেছে পুলিশ

ঢাকার আদালত পাড়া অপহৃত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ব্যবসায়ী তপন দত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালত পাড়া অপহৃত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ব্যবসায়ী তপন দত্ত। সূত্রাপুর থানার পুলিশ বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে তাকে আরকে মিশন সড়ক থেকে উদ্ধার করে। একটি অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা শেষে আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পার্শ্ববর্তী জনসন সড়ক থেকে তপন দত্ত অপহৃত হন। এ ব্যাপারে বুধবার গভীর রাতে অপহৃতের স্ত্রী মিরপুরের আহম্মেদ নগরের শেখ সাব্বির আহমেদসহ কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেন। তপনকে উদ্ধারের আগেই অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানান সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল কালাম। তপনের স্ত্রী জলি দত্তের করা অপহরণ মামলার তদন্ত কর্মকর্তাও এসআই কালাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোন কললিস্টের সূত্র ধরে তপনকে উদ্ধার করা হয়। তাকে রাস্তায় ছেড়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। জলি দত্ত জানান, মামলার পর আসামি রাসয়নিক ব্যবসায়ী শেখ সাব্বির আহমেদের ভাড়াটে সন্ত্রাসীরা স্বামীকে ফেরত পেতে তার কাছ থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ব্যবসায়িক বিরোধের জের ধরে সাব্বির এর আগে তপনকে আসামি করে একটি অর্থ আত্মসাতের মামলা করেন। ওই মামলায় আসামি হিসাবে হাজিরা দেওয়ার পর অপহৃত হন তপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২২০ ঘ.