ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের দুই সাংসদের মানহানির মামলায় জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলো ও যায়যায়দিন'র সম্পাদকসহ ছয়জন।
বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন নেন।
জামিনপ্রাপ্তরা হলেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক অরূপ দত্ত; যায়যায়দিনের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরি, সম্পাদক কাজী রোকন উদ্দিন আহমদ, প্রকাশক আবুল হাসান মো. আল ফারুক, এ পত্রিকার রংপুর প্রতিনিধি সেবু মোস্তাফিজ।
দুই মামলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা হয় গত বছরের ২৭ অক্টোবর।
প্রথম আলোর বিরুদ্ধে মামলাটি করেন আওয়ামী লীগের ঢাকার কামাল আহমেদ মজুমদার। যায়যায়দিনের বিরুদ্ধে মামলা করেন রংপুরের আওয়ামী লীগ সাংসদ আবুল কালাম আজাদ।
কামাল মজুমদারের মামলায় বলা হয়, গতবছরের ২৫ অক্টোবর এ পত্রিকায় 'সাংসদ কামাল মজুমদারের দখলবাজি, হাসপাতালের জায়গায় পোশাক কারখানা' শিরোনামে একটি মিথ্যা তথ্য সম্বলিত খবর প্রকাশিত হয় যা উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর।
আবুল কালামের মামলায় বলা হয়, দৈনিক যায়যায়দিনে গতবছরের ৪ অক্টোবর সংখ্যায় 'এমপি হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন পীরগঞ্জের কালাম' শিরোনামে খবর প্রকাশ করা হয় যা বাদির সুনাম নষ্ট করেছে এবং তার মান সম্মান ধ্বংস করেছে।
দুই মামলাতেই আসামিদের আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছিল। বৃহষ্পতিবার তাদের আদালতে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারিত ছিল।
আত্মসর্মপণের পর শুনানি গ্রহণ শেষে মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন তাদেরকে জামিন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24