২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় নির্বাচন স্থগিত না হলে হরতালের হুমকি

নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ভোটের দিন হরতালের হুমকি দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দুই মেয়র প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ভোটের দিন হরতালের হুমকি দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দুই মেয়র প্রার্থী। এরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান শিকদার ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি রাঙ্গুনিয়া পৌরসভায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে তাদের প্রার্থিতা স্থগিত করে আপিল বিভাগের দেওয়া রায়ের শুনানি না হওয়া পর্যন্ত তারা নির্বাচন স্থগিতের দাবি জানান। অন্য মেয়র প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর আবেদনে গত মঙ্গলবার আপিল বিভাগ অন্য দুজনের প্রার্থিতা স্থগিত করে। এর আগে তাদের তাদের রিট আবেদনে হাইকোর্ট তাদের মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছিল। শাহজাহানের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পৌরসভার একটি কাজের চুক্তি থাকায় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী তার মনোনয়নপত্র বাতিল করেন। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বাতিল করেছিলেন কামরুল ইসলামের মনোনয়নপত্র। বৃহস্পতিবার সকালে নির্বাচন স্থগিতের দাবিতে রাঙ্গুনিয়ায় নিজের অনুসারীদের নিয়ে মিছিল ও সমাবেশ করেন কামরুল ইসলাম। সমাবেশ থেকে দুইদিনের মধ্যে নির্বাচন স্থগিত করতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু প্রার্থিতার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এখনো শুনানি হয়নি। তাই আমরা শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের আহ্বান জানাচ্ছি।" "শনিবারের মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না জানালে রোববার পৌরসভায় আধাবেলা ও ১৮ জানুয়ারি (মঙ্গলবার) পূর্ণ দিবস হরতাল পালন করা হবে", বলেন তিনি। হরতালের বিষয়ে কামরুল ইসলামের সঙ্গে একমত প্রকাশ করে অপর প্রার্থী শাহজাহান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিখিতভাবে নির্বাচন কমিশনকে দাবির বিষয়টি জানাবো।" এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" নির্বাচন কমিশনের নির্দেশমত নির্বাচন অনুষ্ঠানের জন্য সব কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী আইন অনুসারে এলাকায় মিছিল সমাবেশ আচরণ বিধিমালার পরিপন্থী। তারপরও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মিছিল ও সমাবেশ করতে দেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে। কোথাও কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রার্থিতা স্থগিতের খবরে বুধবার ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করলে পুলিশ তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন কামরুল ও শাহজাহান। সংঘর্ষের ঘটনায় বুধবার সকাল ১০টা থেকে দুুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে বুধবার রাতে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি আবদুল লতিফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়ক অবরোধ, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেবি/এমআই/১৮০০ ঘ.