নীলফামারী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৈয়দপুর পৌরসভায় বিএনপি সমর্থিত আমজাদ হোসেন সরকার মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পরদিন বৃহস্পতিবার সকালে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাবিনা আলম।
বুধবার রাজশাহী ও রংপুরের নির্বাচনযোগ্য ৭২ পৌরসভায় নির্বাচন হয়।
রাতে সৈয়দপুর ছাড়া বাকিগুলোর ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
সৈয়দপুরের রিটার্নিং কর্মকর্তা জানান, ১৫ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাদ দিয়ে ফল ঘোষণা করা হয়েছে।
একজন কাউন্সিলর প্রার্থী এই কেন্দ্রের ব্যালটভর্তি বস্তা ছিনতাই করায় ফল ঘোষণা হয়নি।
পৌরসভার ২৭টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলে দোয়াত-কলম প্রতীক নিয়ে আমজাদ হোসেন সরকার পেয়েছেন ২৮ হাজার ৯৮৭ভোট। তিনি সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত ছিদ্দিকুল আলম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭৪ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24