২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের শাস্তিদান অবৈধ: হাইকোর্ট

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতনকে সংবিধান পরিপন্থী ঘোষণা করেছে হাইকোর্ট।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতনকে সংবিধান পরিপন্থী ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ একটি রিটের আবেদনে এ রায় দেয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে প্রণীত গাইডলাইন চূড়ান্ত করে এর আলোকে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের এসব নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে কি না তা তদারকি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি জাতীয় কমিশন বা কমিটির একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালত রায়ের অভিমতে বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন জীবন ও স্বাধীনতা এবং অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন থেকে মুক্ত থাকার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। আদালত রায়ের পর্যবেক্ষণে আরো বলে, রিট আবেদনে উল্লেখ করা ১৪টি নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীন অসদাচারণ হিসাবে গণ্য হবে অভিমত দিয়ে আদালত বলেছে- বেত মারা, আটকে রাখা, শেকল দিয়ে বাঁধাসহ অমানবিক নির্যাতন করা হলে তা অসদাচারণের পর্যায়ে পড়বে। স্কুল পরিদর্শনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন করা হয় কিনা তাও দেখতে বলেছে আদালত। এক্ষেত্রে অভিযোগের তদন্তে শিক্ষার্থীকে আলাদা কক্ষে জিজ্ঞাসা করতে হবে এবং নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও নির্যাতিতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রায়ের পর আবেদনকারীর আইনজীবী সারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের এ রায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর নির্যাতন না করার সাংবিধানিক স্বীকৃতি পেলো। আইন ও সালিস কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যৌথভাবে গত বছরের ১৮ জুলাই রিট আবেদন করে। ওইদিনই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতনকে কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, সরকারকে তা জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৯ ঘ.