ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌরসভার নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ, ফলে সেখানে ১৭ জানুয়ারি নির্বাচন হতে আর বাধা নেই।
এক মেয়রপ্রার্থীর আবেদনে নরসিংদী পৌরসভার নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করে মঙ্গলবার আদেশ দিয়েছিলো হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার সে আদেশ স্থগিত করেছে।
ওই পৌরসভার মেয়রপ্রার্থী আব্দুল মতিন সরকারের করা একটি রিট আবেদনে নির্বাচন আটকে গিয়েছিলো। প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকমান হোসেন একটি খুনের মামলার আসামি- এ তথ্য তুলে ধরে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেন মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৪০ ঘ.
bdnews24