হবিগঞ্জ/ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, এ কারণে মানুষের আস্থা নষ্ট হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে উপনির্বাচনে শুধু নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরই কাজে লাগানো হচ্ছে।
বুধবার হবিগঞ্জে উপনির্বাচনের আগে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। একইদিন ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি সভায় সিইসি বলেন, ভোটের দিন কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
দুই সংসদ সদস্যের মৃত্যুতে আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (সদর) আসনে উপনির্বাচন হচ্ছে।
বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন সিইসি।
শামসুল হুদা বলেন, "দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে প্রশাসন দিন দিন দলীয়করণ হয়ে যাচ্ছে। যে কারণে সাধারণ জনগণ প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আর সেজন্যই এবার উপ-নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়েই নির্বাচন পরিচালনা করা হচ্ছে।"
প্রশাসনের ওপর মানুষের আস্থা ফেরাতে সরকারের প্রতি পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করায় জনগণের হারানো আস্থা ফিরে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
হবিগঞ্জে উপ-নির্বাচনে সেনাবাহিনীর দুটি কোম্পানি, র্যাব ও বিডিআর স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানান সিইসি।
রাজশাহী ও রংপুর বিভাগে শান্তিপূর্ণ পৌর নির্বাচনের দিকে ইঙ্গিত করে শামসুল হুদা বলেন, শান্তিপূর্ণ এ নির্বাচন গণতন্ত্রের জন্য একটি শুভ লক্ষণ।
সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি বলেন, যদি কেউ ভোটকেন্দ্র দখলের অপচেষ্টার পাঁয়তারা করে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে আগে সংবাদ সম্মেলন না করে তা রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরামর্শ দিয়ে সিইসি বলেন, "রিটার্নিং কর্মকর্তাকে জানালে আমরা অবশ্যই এর (অভিযোগ তদন্ত ও বিচার) একটা প্রতিকার করতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.
bdnews24