২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের গোপন বিচারকারীরা কোথায়, জানান: হাইকোর্ট

কর্নেল তাহেরের বিচারে গঠিত সামরিক আদালতের চার সদস্য এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত তৎকালীন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের বিচারে গঠিত সামরিক আদালতের চার সদস্য এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত তৎকালীন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া তাহেরের বিরুদ্ধে ওই সময় রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার নথিও তলব করেছে আদালত। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। আদালত ১৯৭৫ সালের নভেম্বর থেকে '৭৬ এর অগাস্ট পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম, ঠিকানা ও অবস্থান আগামী ১৮ জানুয়ারির মধ্যে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছে। এছাড়া ওই সামরিক আদালতের সদস্য ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলী ও হাসান মোরশেদ এবং উইং কমান্ডার আব্দুর রশিদ ও অ্যাকটিং কমান্ডার সিদ্দিক আহমদের অবস্থানও এ সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে সংস্থাপন ও প্রতিরক্ষা সচিবকে। ১৯৭৬ সালের ৪ জুন তাহেরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার এজাহার আদালতে জমা দিতেও নির্দেশ দিয়েছে আদালত। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যূত্থান-পাল্টা অভ্যূত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা নিয়ে তাহেরের ভাই ও স্ত্রীর রিট আবেদনে গত ২৩ অগাস্ট হাইকোর্ট সামরিক আদালতে তার গোপন বিচারের নথি তলব করে। পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য সামরিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্টই ওই রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০০ ঘ.