বরিশাল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী গোলাম সরোয়ার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম সেলিম (৪০) বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম মহেশখালী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১২ অক্টোবর অবৈধ অস্ত্র রাখার দায়ে সেলিমকে আটক করে র্যাব। এ সময় তার বাড়ি থেকে একটি রিভলবার, তিনটি রামদা, দুইটি দা, একটি কিরিজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে সেলিমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন।
ওই থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিমকে অভিযুক্ত করে একই বছরের ১০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০০ ঘ.
bdnews24