ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারী সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এক সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় ওই কমকর্তা মদপ্য ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান নামে ওই কর্মকর্তা বর্তমানে রমনা থানায় আটক রয়েছেন।
রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌচাক মার্কেটের সামনে এক নারী সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের সময় দৃষ্টি আকর্ষিত হয়ে ওই কর্মকর্তাকে আটক করেন দায়িত্বরত উপ-পরিদর্শক জহির আহমেদ।"
ময়মনসিংহ সেনানিবাসে সংযুক্ত জিয়াউল ঘটনার সময় বেসামরিক পোশাকে ছিলেন। পোস্তগোলা সেনাছাউনিতে একটি প্রশিক্ষণে অংশ নিতে তিনি ঢাকা আসেন বলে জানায় পুলিশ।
অশালীন আচরণের শিকার নারী সাংবাদিক রমনা থানায় লিখিত জিডি করেছেন। অভিযোগে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ও তার স্বামী মৌচাক মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই সেনা কর্মকর্তা এসে তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাকে তার সঙ্গে জোর করে নিয়ে যেতে চান।
জিয়াউলকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দিয়ে রমনা থানায় এনে রাখা হয়েছে বলে জানান রমনা থানার ওসি শিবলী নোমান।
তিনি বলেন, "থানায় প্রথমে তিনি নিজেকে কনকর্ড গ্রুপের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।"
পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর মিলিটারি পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি। তাকে ছাড়িয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩৫২ ঘ.
bdnews24