ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ১৫ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এদের মধ্যে চারজন যুগ্ম-সচিব, ছয়জন উপসচিব এবং চারজন সিনিয়র সহকারী সচিব রয়েছেন।
যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি কায়সারুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব পদে পদায়ন এবং এনামুল হককে জাতীয় সংসদের প্রধান হুইপের একান্ত সচিব পদে সাময়িক দায়িত্ব পালনের জন্য সংসদ সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে।
সমন্বিত উফশী পাট ও পাটবীজ উৎপাদন কর্মসূচির পরিচালক পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব মজিবর রহমানকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
ওএসডি হয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব ডা. আব্দুল জলিলও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন এই যুগ্ম-সচিব গত কয়েকমাস ধরে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন।
উপসচিবদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল আবদুল নাসের চৌধুরীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) সচিব শহিদুল হককে খাদ্য বিভাগে বদলি করা হয়েছে।
ওএসডি উপসচিব জাহাঙ্গীর আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও মো. মোস্তফাকে খাদ্য বিভাগে পদায়ন এবং আবুল হাসান খানকে পরিসংখ্যান বিভাগে সংযুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব স্বপন কুমার বড়ালকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে 'মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্র্যক্রম-৩য় পর্যায়' প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এদিকে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন সরকারকে সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোমিনুর রশিদ আমিনকে চট্টগ্রাম সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত রাজশাহীর পবা'র প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নেছারউদ্দিন জুয়েলকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24