ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দফায় ব্যয় বাড়ানোর পর ২০ হাজার পাঁচশ সাত কোটি টাকায় পদ্মা বহুমুখি সেতুর সংশোধিত নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
নির্মাণ ব্যয়ের চার হাজার দুশ ৫৮ কোটি টাকা দেবে বাংলাদেশ। বাকিটা দেবে উন্নয়ন সহযোগীরা।
মঙ্গলবার শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতু নির্মাণের সময় ধরা হয়েছে জুলাই ২০০৯ থেকে জুন ২০১৫ সাল পর্যন্ত।
২০০৭ সালে ১০ হাজার ১৬২ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছিল একনেক।
মাত্র তিন বছরের মধ্যে নির্মাণ ব্যয় দ্বিগুণ হলো কেন জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "এ ধরণের প্রকল্পে ব্যয় বাড়বেই।"
এসময় পরিকল্পনা সচিব মনজুর হোসেন বলেন, "সেতুর নকশায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। স্প্যানগুলো অনেক বড় হচ্ছে। এছাড়া ভূমি অধিগ্রহণের খরচও বেড়েছে। এ কারণেই খরচ বেড়ে গেছে।"
তবে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করায় ব্যয় আরো কমতে পারে", বলেন সচিব।
কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে জানতে চাওয়া হলে পরিকল্পনামন্ত্রী বলেন, "আগামি তিন মাসের মধ্যে কাজ শুরু হলে অবাক হওয়ার কিছু থাকবে না।"
বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরে। এ সময়ে কাজ শেষ হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "বাস্তবসম্মতভাবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।"
এর আগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন একাধিকবার বলেছেন, আগামী জানুয়ারিতে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে এবং বর্তমান সরকারের সময়েই কাজ শেষ হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে বলেছেন, আগামী মার্চের মধ্যেই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পদ্মা সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয় দুশ ৫০ কোটি মার্কিন ডলার (১৭ হাজার পাঁচশ কোটি টাকা)।
গত ২০ অক্টোবর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সেতুটির নির্মাণ ব্যয় ৫০ কোটি বাড়িয়ে বাড়িয়ে দুশ ৯০ কোটি ডলার (২০ হাজার তিনশ কোটি টাকা) করা হয়েছে। এ প্রকল্পে বিশ্বব্যাংক একশ ৫০ কোটি ডলার (১০ হাজার পাঁচশ কোটি টাকা) দেবে বলেও জানান তিনি।
বিশ্বব্যাংক ইতোমধ্যে একশ ২০ কোটি ডলার (আট হাজার চারশ কোটি টাকা) দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ৬১ কোটি ৫০ লাখ ডলার (চার হাজার তিনশ পাঁচ কোটি টাকা), ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার (নয়শ ৮০ কোটি টাকা), জাপান উন্নয়ন সংস্থা (জাইকা) ৪০ কোটি ডলার (দুহাজার আটশ কোটি টাকা) দেবে বলে বিভিন্ন সময় সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
[এক মার্কিন ডলারকে ৭০ টাকা হিসেব করা হয়েছে]
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০১১ ঘ.
bdnews24