২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানার ৩৬ লাখ টাকা চুরি

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় একটি পোশাক কারখানার ভল্ট ভেঙ্গে নগদ ৩৬ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় একটি পোশাক কারখানার ভল্ট ভেঙ্গে নগদ ৩৬ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বেইজ টেক্সটাইল নামক প্রতিষ্ঠানটির ভবনের তিনতলার একটি কক্ষের জানালা ভেঙ্গে সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। কারখানার ব্যবস্থাপক উত্তম কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনতলায় হিসাব বিভাগের কক্ষের জানালা ভেঙ্গে চোররা প্রবেশ করে এবং ভল্ট ভেঙ্গে টাকা নিয়ে যায়। তিনি জানান, মঙ্গলবার সকালে কারখানার কর্মকর্তারা কক্ষ খুলে জানালা ও ভল্ট ভাঙ্গা দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। উত্তম কুমার দত্ত বলেন, "কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য সোমবার এক কোটি টাকা ব্যাংক থেকে তোলা হয়। ওইদিন কিছু কর্মকর্তা-কর্মচারীকে বেতন দেওয়ার পর বাকী প্রায় ৩৬ লাখ টাকা রাখা হয় মঙ্গলবার দেওয়ার জন্য।" চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে কারখানার হিসাব বিভাগের ভল্ট ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটেছে। ভল্ট থেকে ৩৬ লাখ টাকা চুরি গেছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান। নুরুল হুদা চৌধুরী ও শাহাদাত হোসাইনের মালিকানাধীন বেইজ টেক্সটাইলে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫০৬ ঘ.