রাজশাহী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিন নারীসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আমনুরা-গোদাগাড়ী সড়কের দিগরাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোদাগাড়ীর ঘুণ্টি গ্রামের সুরাইয়া পারভীন (২০), জৈটাবটতলা এলাকার জোছনা রানী (২৫), বিশ্বনাথপুর গ্রামের এনামুল হকের স্ত্রী আলেয়া বেগম (৩২) এবং বাস চালকের সহকারী শ্যামল কুমার (২২)।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে গোদাগাড়ীগামী যাত্রীবাহী বাস দুপুরে দিগরাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যায়।
আহতদের মধ্যে পাঁচজনকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪০ ঘ.
bdnews24