২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও রাজশাহীতে সেনা দাবি বিএনপির

খুলনা ও রাজশাহীতে পৌরসভা নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধীদল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

খুলনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা ও রাজশাহীতে পৌরসভা নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধীদল বিএনপি। এছাড়া জয়পুরহাট, বরগুনা ও নড়াইলে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে দলটির স্থানীয় নেতারা। সরকারি দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হুমকি দেওয়া, টাকা ছড়ানো, প্রশাসনের অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ করেছেন। এ কারণে তারা নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। সোমবার সংবাদ সম্মেলন করে খুলনা ও রাজশাহীর নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। রাজশাহী ও রংপুর বিভাগের পৌরসভা নির্বাচন হচ্ছে ১২ জানুয়ারি। খুলনা ও বরিশাল বিভাগে হচ্ছে তার পরদিন। নির্বাচন কমিশন ২৯টি জেলার ৫৬টি পৌরসভায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও জেলার শিবগঞ্জ, নাটোর ও জেলার নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও গোপালপুর, সিরাজগঞ্জের কাজীপুর ও শাহজাদপুর, বগুড়া, পাবনা ও জেলার সুজানগর ও ঈশ্বরদীতে সেনা মোতায়েন হবে। অন্যদিকে খুলনা জেলায় সেনা মোতায়েন হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: জেলার দাকোপ উপজেলার চালনা ও পাইকগাছা পৌরসভায় নির্বাচনের দুদিন আগে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে বিএনপি। নির্বাচনের পর আরো দুদিন একইভাবে সেনা সদস্যদের মোতায়েন রাখারও দাবি জানায় দলটি। সোমবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা। বিএনপি নেতারা দাবি করেন, চালনা ও পাইকগাছা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে এলাকার ক্ষমতাসীন দলের প্রার্থীদের জেতানোর জন্য নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। এ কারণে এই দুটি এলাকায় কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। আসছে বহিরাগত অস্ত্রধারীরা। এছাড়া ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকরা প্রতিপক্ষের পোস্টার ছেঁড়া ও প্রচারণায় বাধা দিচ্ছে বলেও বিএনপি নেতারা অভিযোগ করেন। এছাড় বিএনপি সমর্থিত প্রার্থিদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। বিএনপি নেতারা আরো অভিযোগ করেন, রাত ১০টার পর বিএনপি সমর্থিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গেলে ওসি নিজে এসে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে দাকোপ থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী পুলিশ তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছে। দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল বলেন, বিএনপির প্রার্থীরা তাদের পক্ষে জনসমর্থন আদায় করতে না পেরে মিথ্যা অজুহাত তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার করছে। রাজশাহী: জেলার ১১টি নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। অন্যথায় তারা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছেন। সোমবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা। এতে বলা হয়, গত কয়েকদিন ধরে ১১টি পৌরসভায় সরকারি দলের সংসদ সদস্যরা পাড়ায় পাড়ায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এছাড়া বিএনপিদলীয় কর্মীদের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখানো ছাড়াও প্রশাসনকে প্রভাবিত করছেন। বিএনপি নেতারা নির্বাচনী কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানান। জয়পুরহাট: জেলার চারটি পৌরসভা নির্বাচনে অধিকাংশ মেয়রপ্রার্থী সহিংসতার আশঙ্কা প্রকাশ করে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চার পৌরসভার ৪৬টি কেন্দ্রের মধ্যে ৪৩টি 'গুরুত্বপূর্ণ' ও মাত্র তিনটি 'সাধারণ'। প্রার্থীরা এই গুরুত্বপূর্ণ শব্দকেই 'ঝুঁকিপূর্ণ' বলছেন। জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভার প্রায় সব ক'টি কেন্দ্র্রকে ঝুঁকিপুর্ণ বলে দাবি করেছেন জয়পুরহাট-১ আসনের বিএনপি'র সংসদ সদস্য মোজাহার আলী প্রধান। তিনি সাংবাদিকদের বলেন, যেভাবে সরকারি দল উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাতে নির্বাচনে তারা যে অঘটন কিছু ঘটাবেন না তার গ্যারান্টি কোথায়। স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা বলেন, সরকারি দলের নেতা-কর্মীরা তার কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়-ভীতিসহ নানা হুমকি দিয়ে যাচ্ছে। কালাই পৌর মেয়রপ্রার্থী আনিসুর রহমান তালুকদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা বলেন, এখন থেকেই তাদের কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে সরকারি দলের সমর্থকরা। তিন পৌরসভায় কোনো সহিংস ঘটনার আশঙ্কা নেই দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, শুধু পাঁচবিবি পৌরসভার ক্ষেত্রে তিনি কিছু বলতে পারছেন না। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক বলেন, সেনাবাহিনী মোতায়েনের মত ঘটনা ঘটবে না। তিনি সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অনুরোধ করেন। নড়াইল: নির্বাচনী প্রচারণায় বাধা, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগে নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রাথী মো. গোলাম কিবরিয়া মিঠু। সোমবার রাত ৭টার দিকে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রাথী একরামুল হক টুকু ও তার লোকজন তাকে নাজেহাল ও হেনেস্তা করছে। তবে আওয়ামী লীগের সমর্থিত একরামুল হক টুকুর অভিযোগ অস্বীকার করেছেন। বরগুনা: বরগুনা পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বরগুনা জেলা প্রশাসক ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আমরণ অনশন করার হুমকি দিয়েছেন মেয়রপ্রার্থী জেলা যুগ্ম সম্পাদক মো. শাহজাহান। সোমবার রাতে সাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চের নির্বাচনী সভা থেকে তিনি এই হুমকি দিয়ে বলেন, আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্য সমর্থিত প্রার্থী সাহাদাত হোসেন ও তার সমর্থকরা তাকেসহ তার সমর্থকদের উপর হামলা, নির্যাতন চালাচ্ছে। এমনকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। শাহজাহান ছাড়াও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. নুরুল আমিন সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাহাদাত হোসেন সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বরগুনা থেকে ভ্রাম্যমাণ র‌্যাব সদস্যদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, র‌্যাব সদস্য বরগুনায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি সেনা মোতায়েনেরও বিরোধিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৩ ঘ.