২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের কারণে যানজটে অচল রাজধানী

রাস্তা অবরোধ করে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিক্ষোভে পুরো রাজধানীই সোমবার যেন স্থবির হয়ে পড়ে। মূল রাস্তা থেকে অলি-গলি সব স্থানেই যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা অবরোধ করে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিক্ষোভে পুরো রাজধানীই সোমবার যেন স্থবির হয়ে পড়ে। মূল রাস্তা থেকে অলি-গলি সব স্থানেই যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে। এদিন ঢাকার পুঁজিবাজারে দরপতরের পর নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল ১০টার পর থেকেই শুরু হয় ভয়াবহ যানজট। সকালে অফিসে যাওয়া এবং বিকেলে বাসায় ফেরার সময় চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। ঘন্টার পর ঘন্টা গাড়ির জন্য অপেক্ষার পর অনেকেই পায়ে হেটে গন্তব্যর দিকে রওনা দেন। দরপতনে রাজধানীর মতিঝিল এলাকা, ফার্মগেট ও মিরপুরে ব্যাপক বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। মতিঝিলে ডিএসইর সামনে বিকাল ৩টার দিকে পুলিশ মাইকে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যেতে বলে। এর পরও দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে বিনিয়োগকারীরা। সকাল থেকেই বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পুরো মতিঝিল এলাকার রাস্তায় অবস্থান নেয়। জীবন বীমা মোড়, ইত্তেফাক মোড় ও মতিঝিল-ফকিরাপুল সড়কে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় কাগজ-কাঠ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই তারা মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পুরো মতিঝিল এলাকা জনসমূদ্রে পরিণত হয়। এ সময় মতিঝিল এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মিরপুর ১ নম্বর গোল চত্বর ও ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ওই এলাকাও অচল হয়ে পড়ে। ১ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রোকেয়া সরণি ও টেকনিক্যাল-মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগীরা জানান, বেলা ১২টার পর থেকে মিরপুর থেকে আসাদগেট, ফার্মগেট, কাওরানবাজার, বাংলামটর, শাহবাগ, মালিবাগ, তেজগাঁও, পল্টন, গুলশান, কাকলী, যাত্রাবাড়ী, কলাবাগান ও নিউমার্কেট এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে। দুপুর নাগাদ যানজট ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লার অলিগলিতে। যানজটের ভোগান্তির কথা উল্লেখ করে সিটি সার্ভিসের চালক আব্দুর রহিম বলেন, মোহাম্মদপুর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত যেতে প্রায় সাড়ে ৪ ঘন্টা লেগে যায়। বিকেল ৪টায় কারওয়ান বাজার এলাকার রহিম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, পল্টন থেকে কারওয়ান বাজার আসতে তার আড়াই ঘন্টা সময় লেগেছে। বিকালে অফিস ছুটির পর পুরো রাজধানীর অলি-গলিতে ছড়িয়ে পড়ে এ যানজট। যানবাহন না পাওয়ায় ঘরেফেরা লোকজনের পায়ে হাটা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। পুরান ঢাকার বাসিন্দা মোস্তাক আহমেদ জানান, দুপুর থেকেই সদরঘাট এলাকা থেকে বাবুবাজার, নর্থ সাউথ রোড যানজটে অচল হয়ে পড়ে। আর বিকেল অবধি যানজট অলি-গলিতে ছড়িয়ে পড়ে। অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানীজ এর সভাপতি খোন্দকার রফিকুল হোসাইন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিলের ঘটনা পুরো নগরীতে ছড়িয়ে পড়ায় বাস চলাচল করতে পারেনি। অনেক বাস বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ রাস্তায় আটকে ছিল। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বাস মালিক ও শ্রমিকরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পূর্ব) এ কে এম আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিলের ঘটনায় সকালের পর থেকেই যানজট শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩০০ঘ.