সাভার, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় আরো একটি সোয়েটার কারখানা অনিদিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড নামের কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকদের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) লরেঞ্জ বাড়ৈই সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনিদির্ষ্টকালের জন্যে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কবে নাগাদ কারখানাটি খোলা হবে সেটা তিনি জানাতে পারেননি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ জানান, কারখানা কর্তৃপক্ষ সকাল ৭টার দিকে মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। ৮টার দিকে কারখানার শ্রমিকরা এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে চলে যায়।
শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করেনি বলে তিনি জানান।
কারখানার সামনে থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলেও ওসি জানান।
পুলিশ জানায়, গত ২ জানুয়ারি সকালে কাজের মজুরি বৃদ্ধির দাবিতে ইউনিভার্স নিটিং কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। মালিক পক্ষের লোক ভেবে তারা কারখানার বৈদ্যুতিক মিস্ত্রী আব্বাস আলী ও লাইন চিফ মোহাম্মদ হোসেনকে মারধর করে।
এ ঘটনায় শনিবার কর্তৃপক্ষ ৩২ শ্রমিককে বরখাস্ত করে। তাদের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে ওইদিন। পরদিন এই দাবির সঙ্গে পাঁচ কর্মকর্তাকে অপসারণের দাবিও তোলে শ্রমিকরা।
এর আগে শনিবার সন্ধ্যায় জামগড়া এলাকার মদিনা এ্যাপারেলস ফ্যাশন ক্যাপস লিমিটেড অনিদির্ষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়।
গত ৪ জানুয়ারি সকালে কারখানার দুই কর্মকর্তাকে মারধর করার ঘটনায় ২২ শ্রমিককে বরখাস্ত করা হয়।
তাদের পুনর্বহালের দাবিতে শনিবার দিনভর বিক্ষোভ করে শ্রমিকরা। তারা কঠোর আন্দোলনের হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২০ ঘ.
bdnews24