গাইবান্ধা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্তের দায়ে গাইবান্ধা সদর উপজেলায় এক যুবককে এক বছরের বিনাশ্রম দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজার রহমান এ রায় দেন।
দণ্ডপ্রপ্ত সুমন মিয়া (২৫) উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামের প্রয়াত নুরুন্নবী মিয়ার ছেলে।
মোস্তাফিজার রহমান জানান, সকাল ১১টার দিকে রূপারবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীটি কোচিং সেন্টারে পড়তে যাওয়ার সময় সুমন তার গতিরোধ করে এবং তার হাত ধরে টানতে থাকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে সুমনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় সুমনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সদর থানার ওসি আকবর হোসেন জানান, বিকালে সুমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১১ ঘ.
bdnews24