২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগের রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশাকে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

নোয়াখালী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশাকে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলমকে। রোববার ইউএনও আনোয়ার পাশাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অন্যদিকে সেনবাগ থানা ওসি মোক্তার হোসেনকে বদলি করা হয়েছে। নোয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দেওয়া নির্বাচন কমিশনের এক আদেশে আনোয়ার পাশাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কি কারণে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে সে ব্যাপারে জেলা প্রশাসক কিছু বলেননি। প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাধিক প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে। অন্যদিকে সেনবাগ থানার ওসি মোক্তার হোসেনকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপারিনটেনডেন্ট হারুনুর রশীদ হাযারী। তিনি বলেন, নির্বাচন কমিশন তাকে বদলির সুপারিশ করেছে। তবে তাকে কোথায় বদলি করা হয়েছে এবং তার স্থলে কে আসছেন সেটা জানাননি জেলার পুলিশ প্রধান। আগামী ১৮ জানুয়ারি নোয়াখালীসহ চট্টগ্রাম বিভাগের সব জেলায় পৌর নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.