সাভার, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ঢাকায় সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে তাদের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে।
এসময় তারা কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) লরেঞ্জ বাড়ৈইসহ পাঁচ কর্মকর্তাকে অপসারণেরও দাবি জানায়।
শ্রমিকদের অভিযোগ, এই কর্মকর্তারা শ্রমিকদের নানাভাবে নির্যাতন করে আসছে। দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ারও হুমকি দেয় শ্রমিকরা।
এক পর্যায়ে দুপুর ১টার দিকে তারা কারখানা থেকে চলে যায়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গত ৩ জানুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩২ জন শ্রমিককে বরখাস্ত করা হয়।
আগের দিন শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানালে কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। এসময় তারা মালিক পক্ষের লোক মনে করে বৈদ্যুতিক মিস্ত্রি আব্বাস আলী ও লাইন চিফ মোহাম্মদ হোসেনকে মারধর করে।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার নিটিং শাখার প্রায় পাঁচশ' শ্রমিক কাজে যোগ দেয়নি। আর অন্য শাখাগুলো আগে থেকেই বন্ধ রয়েছে। কারখানায় প্রায় ১৭শ শ্রমিক কাজ করে।"
কারখানার ব্যবস্থাপক লরেঞ্জ বাড়ৈই শ্রমিকদের নির্যাতনের অভিযোগ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি বলেন, "যে সব শ্রমিক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে শুধু তাদেরই বরখাস্ত করা হয়েছে। তাদের পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে।"
লরেঞ্জ বলেন, কারখানা বন্ধ করে দেওয়া হবে কিনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার সামনে থানা পুলিশের পাশাপাশি পর্যাপ্ত শিল্প পুলিশ মোতায়েন আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮১৩ ঘ.
bdnews24