২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে নিহত, ৩ দিনেও লাশ মেলেনি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

রাজশাহী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী সীমান্তে এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তাদের লাশ ফেরত দেয়নি বিএসএফ। নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউরি চর কানাইছিরা এলাকার সিরাজুল (৪০) ও নামো জগন্নাথপুর এলাকার জাইজুদ্দিন (২০)। এরা দুজন গরু আনতে ভারতে গিয়েছিলো বলে স্থানীয়রা জানায়। রোববার বিকালে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে রাজশাহীর খানপুর সীমান্তে ভারতীয় সীমানার ৬-৭ কিলোমিটার ভিতরে কাহারপাড়া বিএসএফ ক্যাম্প এলাকায় এরা গুলিবিদ্ধ হন। বিএসএফ'র গুলিতে একজন ভারতীয়ও মারা যান। বিডিআর কর্মকর্তা জানান, লাশ ফেরত পাওয়ার ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিএসএফ'র পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। রাজশাহীর মতিহার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুকুল মিয়া বলেন, সোমবার সকালে লাশ ফেরত পাওয়া যেতে পারে। শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কাঁটাতারে আটকা পড়া এক কিশোরীকে গুরি করে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ। মানবাধিকার সংগঠনের হিসেবে সীমান্তে গত বছর ৭৪ বাংলাদেশি নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫০ ঘ.