ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনকে সামনে রেখে প্রভাব খাটাতে পারে- এ আশঙ্কায় পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট থানার ওসিদের জেলার ভেতরেই রদবদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহা পরিদর্শকের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে বলে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও টাঙ্গাইল জেলার পৌর নির্বাচন সংশ্লিষ্ট থানাগুলোর ওসিদের সংশ্লিষ্ট জেলার মধ্যে আন্তঃবদলির (রি-অ্যারেঞ্জ) জন্য বলা হয়েছে।"
নোয়াখালীতে ৭ পৌরসভায়, লক্ষ্মীপুরে ৪ পৌরসভা, ফেনীতে ৩ পৌরসভায়, চট্টগ্রামে ৯ পৌরসভায় এবং টাঙ্গাইল জেলার ৯ পৌরসভায় নির্বাচন হচ্ছে। আগামী ১২ জানুয়ারি থেকে দেশজুড়ে পৌরসভা নির্বাচন শুরু হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ বিবেচনায় এবং দীর্ঘদিন ধরে ওসিরা ওই সব থানায় দায়িত্ব পালন করায় নির্বাচনে তাদের প্রভাব খাটানোর সুযোগ থাকতে পারে। সেই সঙ্গে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ইসির কাছে আসায় তাদের বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আলাদা আলাদা পাঠানো চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা, টাঙ্গাইলের কালিহাতি, ফেনীর পরশুরাম, লক্ষ্মীপুরের সদর ও রামগতি এবং নোয়াখালীর সেনবাগ থানার ওসিসহ অন্যান্য থানার ওসিদের আন্তঃবদলির ব্যবস্থা নিতে অনুরোধ করা যাচ্ছে।
ইতোমধ্যে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে সরকার বদলি করেছে। নির্বাচনী কাজের সুবিধার্থে নতুন একজনকে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া কিংবা আগের জনকে দায়িত্বে বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত জানাতেও অনুরোধ করেছে ইসি।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24