২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সর্বোচ্চ দরপতন

বছরের শুরুতেই ঢাকার পুঁজিবাজারে একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড হয়েছে। সাধারণ সূচক কমেছে ৬০০ পয়েন্ট। তবে প্রায় সব শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের শুরুতেই ঢাকার পুঁজিবাজারে একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড হয়েছে। সাধারণ সূচক কমেছে ৬০০ পয়েন্ট। তবে প্রায় সব শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেন। গত বছরের শেষ থেকেই অস্থিতিশীল হয়ে উঠে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ১৯ ডিসেম্বর ডিএসই সাধারণ সূচক একদিনে ৫৫১ পয়েন্ট কমে যায়। গত ১২ ডিসেম্বর কমে ২৮৫ পয়েন্ট। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট। বছরের শুরুতেও দরপতনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকে। রোববারও দরপতন দিয়েই দিন শুরু করে ডিএসই, শেষে তা ১৯ নভেম্বরের রেকর্ড ছাড়িয়ে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়ায় ৭১৩৫ দশমিক ০২, যা দিনের শুরুর চেয়ে ৬০০ দশমিক ২১ পয়েন্ট বা ৭ দশমিক ৭ শতাংশ কম। এদিন মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪১টির দামই কমেছে, বেড়েছে বাকি ৩টির। সূচক ও দাম কমে গেলেও কেনার প্রবণতার কারণে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়ে যায়। পুরো দিনে ১ হাজার ৩৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ব্যাপক দরপতনের পরও আগের মতো কোনো ধরনের বিক্ষোভ দেখা যায়নি। গত সপ্তাহের বিক্ষোভের পর রোববার ডিএসই'র সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ অবস্থান নিয়ে আছে। বেলা ৩টায় লেনদেন শেষে ডিএসই ভবনের সামনে কয়েকজন বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের মারমুখী অবস্থান দেখে তারা মিইয়ে যায়। মামুন নামে একজনকে সেখান থেকে আটক করে পুলিশ। তবে পুঁজিবাজারে দরপতনে ঢাকার বাইরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বড় ধরনের দরপতনের প্রতিবাদে গত সপ্তাহে দুই দফা রাস্তায় বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার ছয় জনকে গ্রেপ্তারও করা হয়। গত ১৯ ডিসেম্বরও দরপতনের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ জানায় তারা। এদিকে গত আট মাসের পরিসংখ্যানে ডিসইতে লেনদেন সর্বনিু পর্যায়ে নেমে এসেছে। গত বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ৯৬৯ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৬২৪ ঘ.