২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রকৃত জনপ্রতিনিধিরা মনোনয়ন পাননি'

সত্যিকারের জনপ্রতিনিধিরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পায়নি দাবি করে নাগরিক সংগঠন সুজন বলছে, দলীয় পরিচয়ে পেশীশক্তি ও কালো টাকার মালিকদের মেয়র প্রার্থী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্যিকারের জনপ্রতিনিধিরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পায়নি দাবি করে নাগরিক সংগঠন সুজন বলছে, দলীয় পরিচয়ে পেশীশক্তি ও কালো টাকার মালিকদের মেয়র প্রার্থী করা হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দেওয়া তথ্য প্রকাশ করে রোববার এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ দাবি করে। সংগঠনের সভাপতি মোজাফফর আহমেদ বলেন, "পৌরসভা নির্বাচনে ব্যবসায়ীদের আধিক্য বেড়ে গেছে। সত্যিকারের জনপ্রতিনিধিরা এবার মনোনয়ন পায়নি। দলীয় পরিচয়ে পেশীশক্তি ও কালো টাকার মালিকদের মেয়র প্রার্থী বানানো হয়েছে। খারাপ প্রার্থীদের জন্য ভালো প্রার্থীরা নির্বাচনে যেতে পারেনি।" নির্বাচন কমিশন থেকে ২১২টি পৌরসভার ১ হাজার ৭৮ জন মেয়র প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করেছে সুজন। এ সব তথ্যর ভিত্তিতে তৈরি মেয়র প্রার্থীদের তুলনামূলক চিত্র প্রত্যেকটি পৌরসভায় ভোটারদের মধ্যে বিলি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া সুজনের উদ্যোগে ভোটার-প্রাথী মুখোমুখি অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। মোজাফফর বলেন, "পৌরসভা প্রতি গড় মেয়র প্রার্থীর সংখ্যা আগের তুলনায় কমেছে। ফলে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের পরিধি সীমিত হয়ে গেছে এবং তারা যোগ্য প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।" পৌরসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, "বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ির কারণে যেখানে জোর করে একক প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে দলীয় কোন্দল প্রকট হয়েছে।" জাতীয় পার্টিকে ১৯টি পৌরসভায় আওয়ামী লীগ ছাড় দিলেও সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে বলে জানান বদিউল আলম। প্রার্থীদের পেশা সংক্রান্ত তথ্য উপস্থাপন করে সুজন জানায়, প্রায় ৭০ শতাংশ প্রার্থী ব্যবসা করেন, কৃষিকাজ করেন ১২.৮০ শতাংশ, চাকরিজীবী ৯.৯২ শতাংশ, আইনজীবী ৪.২৭ শতাংশ, গৃহিনী ০.৩৭ শতাংশ এবং অন্যান্য ২.৮৭ শতাংশ। ১ হাজার ৮৭ জন প্রার্থীদের মধ্যে মাত্র ১০ জন নারী প্রার্থী রয়েছেন। সুজন সম্পাদক বলেন, "ব্যবসায়ীদের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনে টাকার খেলার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ভোটাররা টাকা না নিলে প্রার্থীরা তাদের বিশ্বাস করছে না।" ৬৮.০৭ শতাংশ প্রার্থীর অতীত মামলা রয়েছে এবং ২৬.৬৩ শতাংশ প্রার্থীর বর্তমান মামলা রয়েছে জানিয়ে করে বদিউল আলম বলেন, ৫.৩০ শতাংশের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। "অনেক বিতর্কিত ব্যক্তি প্রার্থী হয়েছেন। বিতর্কিত প্রার্থীরা ভালো প্রার্থীদের নির্বাচনী ময়দান থেকে বিতাড়িত করেছেন", বলেন তিনি। হলফনামায় প্রার্থীদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী বিশ্লেষণ করে সুজন বলছে, মেয়র প্রার্থী এবং তাদের ওপর নির্ভরশীলদের মধ্যে ২.৬০ শতাংশ কোটিপতি রয়েছেন। অধিকাংশ প্রার্থীর ৬৩.৬৪ শতাংশ অস্থাবর-স্থাবর সম্পদের পরিমাণ ৫ লাখ টাকার নিচে। তবে অনেক প্রার্থীই স্থাবর সম্পত্তির মূল্য উল্লেখ করেননি। বেশীর ভাগ প্রার্থী তথ্য গোপন করেছেন বলে অভিযোগ নাগরিক এ সংগঠনের। ঋণ সংক্রান্ত তথ্যে বলা হয়, ৩১ শতাংশ প্রার্থীর এবং প্রার্থীদের ওপর নির্ভরশীলদের ঋণ রয়েছে। কর সংক্রান্ত তথ্যে বলা হয়, মেয়র প্রার্থীদের প্রায় ১৯ শতাংশ কর দিয়ে থাকেন। এছাড়া করযোগ্য আয় থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী কর দেননি। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে- মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান সংবাদ সম্মেলনে বলেন, বিদ্রোহী প্রার্থীদের জন্য এ পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ড. তোফায়েল আহমেদ ও লেখক-সাংবাদিক আবুল মকসুদও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৪১৬ ঘ.