২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পথসভায় ধাক্কাধাক্কি, মামলা

নাটোরের গোপালপুুর পৌর নির্বাচনে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পথসভায় ধাক্কাধাক্কির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

গোপালপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গোপালপুুর পৌর নির্বাচনে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পথসভায় ধাক্কাধাক্কির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এছাড়া উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। গত শুক্রবার বিকালে লালপুর উপজেলা মোড়ে মেয়র প্রার্থী নজরুল ইসলামের কর্মীদের সঙ্গে অপর মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলামের কর্র্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তারা উভয়েই বিএনপি সমর্থিত। এ সময় ওই স্থানে মঞ্জুরুল ইসলামের একটি পথসভা চলছিল। এ ঘটনায় মঞ্জুরুল ইসলামের ছোট ভাই মমিনুল ইসলাম বাদী হয়ে লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা করেন। অপরদিকে একইদিনে নজরুল ইসলামের পক্ষে তার কর্মী বাদশা নওশের নেওয়াজ বাদী হয়ে মঞ্জুরের ২৮ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় মারপিট ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগও করা হয়েছে। লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উভয় পক্ষের মধ্যে শুধু ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়সালাও করে দিয়েছিল।" এদিকে উভয় প্রার্থী পরস্পরের বিরুদ্ধে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের কাছে আচরণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন। মঞ্জুরুল অভিযোগে করেন, নির্বাচনী প্রচারণায় নজরুলের পক্ষে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারি গাড়ি ব্যবহার করছেন। অন্যদিকে নজরুল অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণায় মঞ্জুরুলের কর্মীরা বাধা দিচ্ছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, "অভিযোগ তদন্ত করে দেখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৭০৯ ঘ