ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়ায় এক স্কুলছাত্রকে হাত-পা ও মুখ বেঁধে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই শিশুর বাবাকে জবাইয়ের চেষ্টা করা হয়।
বাবা-ছেলে দুজনকেই শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক স্কুলছাত্র দীপ্তদাস শুভকে (১০) মৃত ঘোষণা করেন।
বাবা বিভূতি রঞ্জন দাসকে (৪০) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গেণ্ডারিয়া থানার উপ-পরির্দর্শক আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ৩৪ কেবি রোডের পঞ্চম তলায় গোঙানি শুনে আশপাশের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বিভূতিকে বিছানার ওপর ও শুভকে টয়লেটের ড্রাম থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ওই বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন বিভূতি।
নিহতের আত্মীয় গৌতম দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় বিভূতির স্ত্রী শিউলী দাস স্কুলে ছিলেন।
শিউলী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানান তিনি।
শুভ স্থানীয় এক স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৭০০ ঘ.
bdnews24