২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-বিএনপি সংঘর্ষ-ভাংচুর

পৌর নির্বাচনের প্রচারণার সময় ঠাকুরগাঁওয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঠাকুরগাঁও, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌর নির্বাচনের প্রচারণার সময় ঠাকুরগাঁওয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই দলেরই স্থানীয় কার্যালয় ভাংচুর হয়েছে। সংঘর্ষে একজন সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত সাতজন। শুক্রবার রাত ৭টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার কলেজপাড়ায় এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে দৈনিক কালের কন্ঠ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আলী আহসান হাবীবকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক জানান, আলী আহসান হাবীবের সিটি স্ক্যান করা জরুরি। স্থানীয়রা জানায়, রাত ৭টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি'র নেতাকর্মীরা কলেজপাড়ার ওয়ার্ড কার্যালয়ের সামনে মেয়র প্রার্থীদের সমর্থনে মটরসাইকেল নিয়ে প্রচারণা চালাচ্ছিলো। ঠাকুরগাঁও পৌর সভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হলেন এস এম মঈন। বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী হলেন রঞ্জু চৌধুরী। প্রচারণা চালানো নিয়ে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। কালের কন্ঠের প্রতিনিধি আলী আহসান হাবীব ও এনটিভি'র প্রতিনিধি লুৎফর রহমান মিঠু সংঘর্ষের ছবি তোলার চেষ্টা করলে সরকার সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। কিলঘুষি মারে দিগন্ত টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রশিদকে। সংঘর্ষের এক পর্যায়ে কলেজপাড়ার বিএনপি কার্যালয় ভাংচুর হয়। এরপর কালিপাড়ায় ভাংচুর কর আওয়ামী লীগের কার্যালয়। সংঘর্ষে আহতদের মধ্যে আরো আছেন- বিএনপি কর্মী কামরুল, আব্দুর রশিদ, দুলাল, মহিলা দলের কর্মী আনোয়ারা, নেহার ও ইতি। এর মধ্যে কামরুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ-ভাংচুরের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে জড়িতরা যেই দলেরই হোক তাদের গ্রেপ্তার করা হবে। তিনি জানান, বিএনপি কার্যালয়ের একটি টেলিভিশন ও কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বাবু অভিযোগ করেন, বিএনপি'র 'সন্ত্রাসীরা' তাদের কালিবাড়ি কার্যালয়ের আসবাপপত্র ভাংচুর করেছে। ঠাকুরগাঁওয়ে অবস্থানরত পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, সংঘর্ষটি নির্বাচন সংক্রান্ত নয়। উত্তেজনার পর্যায়ে এ ধরনের সংঘর্ষ হতেই পারে। ঠাকুরগাঁওয়ে অবস্থানরত বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, ঠাকুরগাঁওয়ের ঘটনাটি তার একটি দৃষ্টান্ত। শনিবার সকালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। সরকারি দল সমর্থিত মেয়রপ্রার্থী মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন জনসংযোগে ব্যস্ত রয়েছেন। সংঘর্ষের বিষয়টি তিনি জানেন না। অপর মেয়রপ্রার্থী রঞ্জু চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.