চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুলসংখ্যক জাল সীলমোহরসহ নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা আবাসিক এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে নিজ বাসা থেকে শাহ আলম (৪৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার শাহ আলম জাল পাসপোর্ট, মোটরসাইকেল ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স তৈরির সঙ্গে জড়িত।
এসময় ওই বাসা থেকে দেশের অধিকাংশ থানার ওসি, বিভিন্ন জেলার পুলিশ সুপার, জেলা পুলিশের বিশেষ শাখার সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিসহ (বিআরটিএ) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নামে ৫৩৮টি জাল সীলমোহর এবং কয়েকশ ভুয়া পাসপোর্ট, গাড়িচালনার শিক্ষানবিশ লাইসেন্স উদ্ধার করা হয়।
এছাড়া বিআরটিএ'র তিন থেকে চারশ' লাইসেন্স ফরম এবং এর ফটোকপি জব্দ করা হয়।
উপ-পরিদর্শক মোহাম্মদ মোহসিন জানান, শাহ আলম গত তিনবছর ধরে কাপাসগোলার বাসায় এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩২ ঘ.
bdnews24