ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কবিতা উৎসব মুক্তির উৎসব'- এ স্লোগানকে ধারণ করে ২৫তম জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা পরিষদ তিনদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দোতলায় কবিতা উৎসব দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের প্রস্তুতির নানা দিক তুলে ধরা হয়।
এতে লিখিত বক্তব্যে জাতীয় কবিতা উৎসব-২০১১'র আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ জানান, প্রতি বছরের মতো এবারের উৎসবে থাকছে একুশের গান, উৎসব সংগীত, স্বরচিত কবিতা আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনী।
তিনি বলেন, এবার উৎসবের তৃতীয় দিন নিবেদিত হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর স্মরণে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্নভাষী নাগরিকদের জন্য 'অন্য ভাষার কবিতা' শীর্ষক একটি আলাদা অধিবেশন থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে কাব্যচর্চায় নিবেদিত প্রবাসী বাঙালিদের বিশেষভাবে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
কবি সামাদ জানান, উৎসব আয়োজন সমন্বয়ের জন্য ১ জানুয়ারি থেকে চালু হওয়া টিএসসির এ দফতর প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ন'টা পর্যন্ত খোলা থাকবে। আর ৩০ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে কবিতা উৎসবের চূড়ান্ত প্রস্তুতি ও কর্মসূচির বিষয়ে জানানো হবে।
এ উৎসবকে সাফল্যমণ্ডিত করতে গঠিত বিভিন্ন উপপরিষদের দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি রফিক আজাদ, কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, কবি বেলাল চৌধুরী, কবি রবীন্দ্র গোপ, কবি হালিম আজাদ, সালাম যোবায়ের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২২ ঘ.
bdnews24